২ মার্চ ২০২৬: নওগাঁর পত্নীতলা উপজেলায় সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদারের লক্ষ্যে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা The Hunger Project-এর উদ্যোগে নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
পত্নীতলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সমন্বয়কারী সাজেদুর রহমান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, নজিপুর পৌর শাখার আমির মোফাচ্ছেল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল-এর সভানেত্রী মরিয়ম বেগম শেফা, সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মোকসেদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম খালিদ সাইফুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহল্লাদ কুন্ডু, আমার বাংলাদেশ পার্টি-এর সভাপতি অ্যাডভোকেট মতিবুল ইসলাম, জাতীয় আদিবাসী পরিষদ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নরেন পাহান, নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. এনামুল হক বলেন, জনগণ ভোটের মাধ্যমে যে দায়িত্ব দিয়েছেন তা তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন। তিনি এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, তিনি নিজে কোনো অনিয়ম করবেন না এবং অন্যদেরও দুর্নীতি ও অনিয়ম থেকে বিরত থাকার আহ্বান জানান।
চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হলে তা স্মরণ করিয়ে দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


